সাধন সাহা জয়ঃ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা সভাপতি পদপ্রার্থী হামিদুর রহমান তায়েফ সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) রাত ১০টার দিকে উপজেলার কনিকাড়া ব্রিজসংলগ্ন পৌর মেয়র মার্কেট এলাকার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত তায়েফ সরকার নবীনগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকার কাতারপ্রবাসী তোফায়েল সরকারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তায়েফ উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টার ও ব্যানার বিভিন্ন স্থানে লাগানোর একটি ভিডিও ভাইরাল হলে তিনি এলাকায় ব্যাপক আলোচনায় আসেন।
এছাড়াও, বদ্ধঘরে কেক কেটে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার ঘটনাও জনমনে প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শীর দাবি, গ্রেপ্তারের পর তায়েফকে থানা হাজত থেকে মুক্ত করার জন্য উপজেলা ছাত্রদলের একটি অংশ তদবির চালিয়েছে, তবে এ বিষয়ে ছাত্রদলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে করে আজ ২৩ জুন মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে
মন্তব্য করুন