সাধন সাহা জয়ঃ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক কিশোরীকে জোরপূর্বক গণধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। গত ১০ জুন উপজেলা শহরের কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ভুক্তভোগী কিশোরী ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ভুক্তভোগী কিশোরী কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খাউজি গ্রামের বাসিন্দা এবং তার পরিবার পেশাগত কারণে আশুগঞ্জের কলাবাগান এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে।
ভুক্তভোগী পরিবারের ভাষ্যমতে, গত ১০ জুন রাত ৮টার দিকে ওই কিশোরী রুটি কিনতে দোকান থেকে বের হলে স্থানীয় যুবক জাকারিয়া ও অনিকসহ তিন যুবক তাকে পথরোধ করে। এসময় তাকে জোরপূর্বক পার্শ্ববর্তী একটি ভবনের পাঁচতলায় নিয়ে হাত-পা বেঁধে পালাক্রমে ধর্ষণ করা হয়। ঘটনার পর কাউকে কিছু বললে কিশোরীর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়। প্রাণভয়ে কিশোরী বিষয়টি গোপন রাখলেও দুইদিন পর গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের কাছে পুরো ঘটনা খুলে বলে। এরপর শনিবার সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালি জানান, ভুক্তভোগী কিশোরী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পাওয়ার পরই ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল আলম চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ওসি আরও বলেন, “লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মন্তব্য করুন