যশোরের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র কারবারি মো. কামরুল ইসলাম ওরফে ‘খোঁড়া কামরুল (৪৭) কে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)।
তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজিসহ মোট ২০টি মামলা রয়েছে। এর মধ্যে ৬টি অস্ত্র মামলা, ৪টি বিস্ফোরক মামলা, ৭টি চাঁদাবাজি ও অন্যান্য মামলা, একটি বিশেষ ক্ষমতা আইনের মামলা এবং একটি মাদক মামলা রয়েছে।
কামরুল ইসলাম যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার মৃত আবদুল আজিজ ও মরিয়ম বেগমের পুত্র।
যশোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সালাউদ্দিন খান আজ দুপুরে কামরুলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল শনিবার (৩০ মে) বিকেল তিনটার দিকে যশোর পৌর এলাকার মিশনপাড়ার ‘বিটিএস শখের কুটির’ নামের একটি বাড়ির নিচতলায় ভাড়া বাসা থেকে কামরুলকে গ্রেফতার করা হয়।
এসআই সালাউদ্দিন আরও জানান, গত ৬ এপ্রিল যশোর কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে দায়ের করা একটি মামলার (নং-২৪/২৮৪) সূত্র ধরে এ অভিযান চালানো হয়। ওই মামলার তদন্তকালে গ্রেফতার হওয়া অন্য দুই আসামি খালিদুর রহমান টিটু ও শেখ মইনুদ্দিন ফেরদৌস আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
জবানবন্দিতে তারা কামরুল ইসলামের নাম উল্লেখ করেন এবং জানান, উদ্ধারকৃত একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড তাজা গুলি কেনাবেচার সঙ্গে কামরুল সরাসরি জড়িত।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কামরুল ইসলাম যশোর শহর ও আশপাশের এলাকায় অস্ত্র ও বিস্ফোরক সরবরাহের মূল হোতা হিসেবে কাজ করে আসছিলেন।
তিনি জানান, গ্রেফতারকৃত কামরুলকে আইনি প্রক্রিয়া শেষে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন