ময়মনসিংহ শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শহীদুল্লাহর বিরুদ্ধে আদালত অবমাননা প্রশ্নে রুল জারি করেছে হাইকোর্ট।
বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
এ সংক্রান্ত মামলার আইনজীবী সুপ্রিম কোর্টের এডভোকেট ড. উত্তম কুমার দাস আজ এ তথ্য জানান।
তিনি বলেন, ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুলের প্রধান শিক্ষক ছৈয়দ রায়হান উদ্দীনের দায়ের করা এক আদালত অবমাননার মামলায় অভিযোগের প্রেক্ষিতে এ আদেশ দেন উচ্চ আদালত।
তিনি বলেন, মামলায় বলা হয়েছে, ছৈয়দ রায়হান উদ্দীন কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুলের প্রধান শিক্ষক। তার নিয়োগকারী কর্তৃপক্ষ হলেন ওই হাইস্কুলের ব্যবস্থাপনা পরিষদ (ম্যানেজিং কমিটি)। আইন লংঘন করে প্রধান শিক্ষক রায়হান উদ্দীনের বিরুদ্ধে একটি অভিযোগ এনে, কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করে।
এই কার্যক্রমকে চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে তদন্ত কার্যক্রমের ওপর স্থগিতাদেশ ও রুল জারি করে আদেশ দেন হাইকোর্ট।
উচ্চ আদালতের এ আদেশ বাস্তবায়ন না করায়, আদালত অবমাননার অভিযোগে মামলাটি আনা হয়।
মন্তব্য করুন