নওগাঁ রানীনগর প্রতিনিধি:
মো:নেকীদুল ইসলাম নিক
নওগাঁর রানীনগর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (০৪ মে ২০২৬) পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ্ ফারজানা সুলতানার নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে উপজেলার চকাদিন এলাকায় অবস্থিত ‘মেসার্স দ্বীপ ব্রিকস’ নামের একটি ইটভাটায় পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়া অবৈধভাবে কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ লাখ টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। তার তত্ত্বাবধান ও সক্রিয় অংশগ্রহণে অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়।
এসময় নিরাপত্তা নিশ্চিত করতে নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল দায়িত্ব পালন করে।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন