উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের কাছে হেরেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ঘরোয়া লিগেও স্বস্তিতে নেই ক্লাবটি। লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার তুলনায় ৭ পয়েন্টে পিছিয়ে তারা। সব মিলিয়ে দেয়ালে পিঠ ঠেকে গেছে তাদের। সামনে জিরোনার বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত আলভারো’র দল। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে লিগ জয়ের আশা বাঁচিয়ে রাখার শেষ সুযোগ কাজে লাগাতে চান রিয়াল কোচ।
মূলত, সান্তিয়াগো বার্নাব্যুতে এখন বাজছে বিষাদের সুর। গত সপ্তাহে মায়োর্কার কাছে ২-১ ব্যবধানে হার রিয়ালের শিরোপা স্বপ্নকে বড় ধাক্কা দিয়েছে। লিগে আর মাত্র ৮টি ম্যাচ বাকি থাকতে টেবিল টপার বার্সেলোনার চেয়ে পরিষ্কার ৭ পয়েন্টে পিছিয়ে আছে আরবেলোয়ার শিষ্যরা। জিরোনার বিপক্ষে ৩ পয়েন্ট না পাওয়া মানেই লিগ শিরোপার লড়াই থেকে কার্যত ছিটকে যাওয়া। গাণিতিক সম্ভাবনা টিকিয়ে রাখতে জয়ের কোনো বিকল্প নেই রিয়ালের সামনে।
লা লিগার টেবিল টপারদের চেয়ে পিছিয়ে পড়া ভোগাচ্ছে মাদ্রিদের ক্লাবটিকে। এরপর মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্নের কাছে হারের ক্ষত এখনও তাজা। ৮ ম্যাচ বাকি থাকতে লিগ জয় এখন রিয়ালের জন্য এক পাহাড়সম চ্যালেঞ্জ। তবে হাল ছাড়তে নারাজ কোচ আলভারো আরবেলোয়া। তার পরবর্তী লক্ষ্য কেবলই পূর্ণ তিন পয়েন্ট।
আলভারো আরবেলোয়া বলেন, ‘আমরা এখানে স্রেফ সময় নষ্ট করতে আসিনি। এটা ঠিক যে আমরা মিউনিখের ম্যাচটির জন্য অপেক্ষায় আছি, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না রিয়াল মাদ্রিদ তার ইতিহাস গড়েছে বড় বড় চ্যালেঞ্জ জয় করেই। আমরা কী করতে পারি তা দেখানোর জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত। তবে আপাতত কোনো পরীক্ষা-নিরীক্ষা নয়। আমাদের লক্ষ্য একটাই- মাঠে নামা এবং তিন পয়েন্ট জয় করা।’
মায়োর্কা ও বায়ার্নের কাছে টানা হার রিয়ালকে কিছুটা ব্যাকফুটে ঠেলে দিলেও, কোচ আরবেলোয়ার তুরুপের তাস এখনো ভিনিসিয়ুস জুনিয়র। দলের সেরা এই তারকার ওপর পূর্ণ আস্থা রাখছেন কোচ। বলেন, ‘ভিনিসিয়ুস জুনিয়র সম্পর্কে আমার ধারণা আপনারা জানেন। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে সে যে প্রতিভা দেখিয়েছে তা অতুলনীয়। আর যারা বার্নাব্যুর দুয়োধ্বনিতে অভ্যস্ত নয়, তাদের উদ্দেশ্যে বলবো- সুযোগ থাকলে আমি প্রতিটি ম্যাচ এই মাঠেই খেলতাম।’
তবে বার্নাব্যুর দর্শকদের একাংশের দুয়োধ্বনি নিয়ে যে বিতর্ক চলছে, তা উড়িয়ে দিয়ে আরবেলোয়া আগলে রাখছেন তার প্রিয় শিষ্যকে।
আগামী বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্নের আতিথ্য নেবে রিয়াল। এর আগে ঘরোয়া লিগে ম্যাচ জিতে বার্সার সঙ্গে শিরোপা পাল্লায় কিছুটা হলেও এগোতে চায় মাদ্রিদের ক্লাবটি।
মন্তব্য করুন