রাজধানীর বনানী থানাধীন কড়াইল বস্তিতে পৃথক অভিযান চালিয়ে ২ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৮৮ হাজার টাকাসহ দুজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে একটি বাটন ফোনও জব্দ করা হয়। তবে চক্রের মূল হোতা হিসেবে পরিচিত দুজন পলাতক রয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন—মো. ইব্রাহিম খলিল (২৩) এবং রমজান আলী (৩০)। পলাতক আসামিরা হলেন—কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. সুজন মিয়া (৪১) ও শহীদ (৩৭)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফের সার্বিক দিকনির্দেশনায় এবং ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) উপপরিচালক মো. রাজিউর রহমানের নেতৃত্বে একটি দল কড়াইল বস্তির জামাইবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে।
অধিদপ্তর সূত্রে জানা যায়, জামাইবাজার ১ নম্বর ইউনিটের ‘ক’ ব্লকের মুক্তারের পানির ট্যাংকির গলিতে মান্নানের বাড়ির দোতলার একটি টিনশেড ঘরে তল্লাশি চালানো হয়। পলাতক সুজন মিয়া, শহীদ ও গ্রেফতার ইব্রাহিম খলিল ঘরটি ভাড়া নিয়েছিলেন। সেখান থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবা, ৬ কেজি গাঁজা ও মাদক বিক্রির ১ লাখ ৮৮ হাজার টাকাসহ ইব্রাহিম খলিলকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তবে সুজন ও শহীদ পালিয়ে যান।
একই এলাকায় বাদলের বাড়িতে অপর এক অভিযানে রমজান আলীকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তিনি পলাতক সুজন মিয়া ও শহীদের মাদক ব্যবসার ‘ক্যাশিয়ার’ হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, পলাতক সুজন মিয়া ও শহীদ কড়াইল বস্তির বিভিন্ন স্পট দখল করে দীর্ঘদিন ধরে ইয়াবা, গাঁজা ও হেরোইন বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় গুলশান সার্কেলের পরিদর্শক মো. এমদাদুল হক খাঁন এবং উপপরিদর্শক মো. আবির হাসান বাদী হয়ে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত, ২০২৬) অনুযায়ী পৃথক দুটি মামলা দায়ের করেছেন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।
মন্তব্য করুন