উপজেলা প্রতিনিধি মনিরামপুর (যশোর)
কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত যশোরের মণিরামপুরের একই পরিবারের চার সদস্যের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় মণিরামপুর পৌরসভার মোহনপুর গ্রামের বাঁধাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জানাজা শেষে তাঁদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে, ডিএনএ (DNA) পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্তের পর বুধবার সকালে তাঁদের মরদেহ নিজ বাড়িতে পৌঁছায়। মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ তৈরি হয়।নিহত চারজন হলেন—মণিরামপুর পৌরসভার মোহনপুর গ্রামের বাসিন্দা মতিয়ার রহমানের ছেলে নাহিদুর রহমান তুহিন, তাঁর স্ত্রী আফসানা তানজি এবং তাঁদের দুই শিশুসন্তান রোবাইনা (৭) ও সুনাইনা (৩)।
পরিবারের সদস্যরা জানান, তুহিন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তিনি ঢাকায় বসবাস করতেন।
ডিএনএ পরীক্ষায় শনাক্ত হয় পরিচয়
গত ১৭ অক্টোবর কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতসংলগ্ন পাটুয়ারটেক এলাকার ‘টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় একই পরিবারের চার সদস্য প্রাণ হারান।অগ্নিকাণ্ডের পর তাঁদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে মরদেহগুলো কক্সবাজার থেকে মণিরামপুরের মোহনপুর গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।একই পরিবারের চার সদস্যের একসঙ্গে মৃত্যুতে তাঁদের স্বজনদের এবং এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোক। বিশেষ করে দুই শিশু সন্তানের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে বেদনাবিধুর পরিস্থিতির সৃষ্টি হয়।বুধবার সকালে মরদেহগুলো বাড়িতে পৌঁছানোর পর স্বজন ও স্থানীয়রা শেষবারের মতো তাঁদের দেখতে ভিড় করেন। পরে বিকেল ৩টায় বাঁধাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে চারজনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।কক্সবাজারের অগ্নিকাণ্ডে একই পরিবারের চার সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে মণিরামপুরের মোহনপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন