(নীলফামারী) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ২০টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা ও উপজেলা বিএনপির নেতারা। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত তাঁরা এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান প্রদান করেন তাঁরা।
পরিদর্শনকালে বিএনপি নেতারা সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে বিষয়ে তাঁরা সহযোগিতার আশ্বাস দেন।
নেতারা জানান, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ও ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়। দুর্গাপূজা উদযাপন থেকে শুরু করে প্রতিমা বিসর্জন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সার্বিক সহযোগিতা করবেন বলেও তাঁরা আশ্বাস দেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব অধ্যাপক রইছুল আলম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম, ৭ নম্বর খালিশা চাপানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মঈনুল হক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুজ্জামান বিনজু, সাবেক সহসাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম ঠিকাদার, ডিমলা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি স্বপনুজ্জামান স্বপন এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব হালিমুল হোসেন রাসেলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ কর্মসূচির মাধ্যমে দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার এবং সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার বার্তা দেন বিএনপি নেতারা।
মন্তব্য করুন