নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
তথ্যপ্রযুক্তির সহায়তায় জোড়া সাফল্য পেয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বিশেষ অভিযান চালিয়ে এক ভারতীয় নাগরিকের হারিয়ে যাওয়া মূল্যবান মোবাইল ফোন বাংলাদেশ থেকে উদ্ধার করেছে সংস্থাটি। এছাড়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে খুলনায় অভিযান চালিয়ে একটি অনলাইন প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) এপিবিএন সদর দপ্তরের ‘ল এন্ড মিডিয়া শাখা’র পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম (বিপিএম) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফেসবুকে মেসেজ পেয়ে ভারতীয় নাগরিকের মোবাইল উদ্ধার:
এপিবিএন জানায়, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার বেহালা এলাকার বাসিন্দা সৌরভ মন্ডল (৩৩) গত ৩১ আগস্ট ২০২৬ তারিখে তার ব্যবহৃত ‘Samsung S25’ মডেলের মোবাইল ফোনটি হারিয়ে ফেলেন। এ ঘটনায় তিনি কলকাতার টালিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২৪৩৬) করেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এপিবিএন হেডকোয়ার্টার্সের ‘ল এন্ড মিডিয়া শাখা’র পেজে মেসেজ দিয়ে সহায়তা চান তিনি।
প্রাপ্ত বার্তার ওপর ভিত্তি করে এপিবিএনের এলআইসি শাখা দ্রুত তথ্য যাচাই-বাছাই ও সাইবার বিশ্লেষণ শুরু করে। অবশেষে প্রযুক্তির সহায়তায় সম্প্রতি বাংলাদেশের চট্টগ্রাম শহর থেকে ওই ভারতীয় নাগরিকের হারানো মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হয় এপিবিএন।
চাকরির নামে প্রতারণা, খুলনায় গ্রেপ্তার ৩:
অন্যদিকে, চাকরির ভুয়া প্রলোভন দেখিয়ে ৮৮ হাজার ৮৯০ টাকা আত্মসাতের একটি অভিযোগ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এপিবিএনের কাছে আসে। অভিযোগের ভিত্তিতে গত ১৩ অক্টোবর খুলনার বটিয়াঘাটা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে এপিবিএন। অভিযানে অনলাইনভিত্তিক আর্থিক প্রতারণায় জড়িত সক্রিয় চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ৫টি মোবাইল ফোন ও ১৫টি সিম কার্ড জব্দ করা হয়েছে। এপিবিএন জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে গত ১২ অক্টোবর নারায়ণগঞ্জের বন্দর থানায় একটি মামলা (মামলা নং ১৪) দায়ের করা হয়েছে। বর্তমানে উদ্ধারকৃত আলামত যাচাই-বাছাই ও আসামিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
জনসাধারণের প্রতি এপিবিএনের আহ্বান:
বিজ্ঞপ্তিতে এপিবিএন জানায়, আধুনিক প্রযুক্তি ও সাইবার সহায়তার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে অপরাধ দমন ও সাধারণ মানুষের নিরাপত্তা প্রদানে তারা অঙ্গীকারবদ্ধ। এপিবিএনের পক্ষ থেকে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, অনলাইনে আর্থিক লেনদেন এবং অপরিচিত ব্যক্তির সাথে যোগাযোগের ক্ষেত্রে সবাইকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। যেকোনো ধরনের সাইবার অপরাধ বা প্রতারণার শিকার হলে কালক্ষেপণ না করে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা এপিবিএনকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন