ডেঙ্গু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা এবং একটি পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর মিরপুর বাংলা কলেজ পরিদর্শনকালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও স্কাউট সদস্যদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এই আহ্বান জানান।
ডেঙ্গু ও পরিষ্কার-পরিচ্ছন্নতার সার্বিক পরিস্থিতি দেখতে প্রধানমন্ত্রী সকালে রাজধানীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি ভবন আকস্মিক পরিদর্শনে বের হন। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন বলে জানান প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু।
প্রধানমন্ত্রী জানান, ডেঙ্গু প্রতিরোধে সরকারের উদ্যোগে আগামী নভেম্বর পর্যন্ত প্রতি শনিবার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কোথাও যেন পানি জমে না থাকে এবং মশার বংশবিস্তার না ঘটে, সেদিকে খেয়াল রাখার নির্দেশ দিয়ে তিনি সবাইকে নিজ নিজ কর্মস্থল ও বাসাবাড়ির আশপাশ পরিষ্কার রাখার তাগিদ দেন।
ঢাকার বায়ুদূষণ নিয়ে উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান অত্যন্ত বিব্রতকর। এ অবস্থা থেকে উত্তরণে পরিবেশ রক্ষার পাশাপাশি বেশি করে গাছ লাগাতে হবে। বর্জ্য ব্যবস্থাপনায় জাপানের সচেতনতার উদাহরণ দিয়ে তিনি রাস্তাঘাট ও জলাশয়ে প্লাস্টিক বা ময়লা ফেলা বন্ধে সচেতনতা তৈরির আহ্বান জানান।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর দেশ গড়ার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিপুল জনসংখ্যার এই দেশে সবাইকে সুস্থ রাখতে হলে পরিবেশ পরিচ্ছন্ন রাখাই প্রথম কাজ। নির্দিষ্ট কর্মসূচির বাইরেও তরুণদের ব্যক্তিগত উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং অন্যদের সচেতন করার পরামর্শ দেন তিনি।
মন্তব্য করুন