নয়ন রায়, মণিরামপুর (যশোর) প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে যশোরের মণিরামপুরে ১০৫ জন সনাতন ধর্মাবলম্বীর মাঝে শাড়ি বিতরণ করেছে আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থা। দুর্গাপূজা উপলক্ষে সংস্থাটির এ উদ্যোগে উৎসবের আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সামাজিক সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের বার্তা তুলে ধরা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সংস্থাটির উদ্যোগে অসচ্ছল ও প্রয়োজনীয় পরিবারের সদস্যদের হাতে শুভেচ্ছা উপহার হিসেবে শাড়ি তুলে দেওয়া হয়। এ সময় সংস্থার নেতৃবৃন্দ, উপদেষ্টা, সদস্য ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ডা. মো. রিপুল কবির। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল বারী।
এ ছাড়া উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডা. মো. বাহারুল ইসলাম (বিসিএস), সহকারী শিক্ষক মৃত্যুঞ্জয় বিশ্বাস, সংস্থার পরিচালক মো. কামাল হোসেন, আলামিন সর্দার, সোহেল রানা, জাকারিয়া ও মুকুল কুমার বিশ্বাসসহ সংস্থার অন্যান্য সদস্য এবং স্থানীয় ব্যক্তিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার সদস্য হাফেজ ইনামুল হক।
আয়োজকেরা জানান, ধর্মীয় উৎসব মানুষের মধ্যে আনন্দ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। উৎসবের আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁরা মনে করেন, পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার চর্চা বাড়লে সমাজে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে।
তাঁদের মতে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সহযোগিতার মনোভাব গড়ে তোলা একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার অন্যতম শর্ত। শুধু উৎসবের সময় নয়, বছরের প্রতিটি সময়ই অসহায় ও প্রয়োজনীয় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ দায়িত্ব।
আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থার এ উদ্যোগে দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি মানবিক ও সম্প্রীতিময় সমাজ গঠনের প্রত্যয় প্রতিফলিত হয়েছে। সামাজিক সংগঠনগুলোর এমন কার্যক্রম অব্যাহত থাকলে মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতা আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন