বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে খেলাধুলার চর্চা বাড়ানোর আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
সুস্থ জাতি গঠন এবং সামাজিক ও পারিবারিক পরিবর্তনে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার সুযোগ তৈরি করতে হবে। এ জন্য বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে খেলাধুলার চর্চা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
আজ বুধবার (১৪ অক্টোবর) সকালে ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়েশা আবেদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘আয়েশা আবেদ টি-১০ আন্তবিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।
সাবেক জাতীয় ফুটবলার আমিনুল হক বলেন, খেলাধুলার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তুলতে হলে পড়াশোনার পাশাপাশি নিয়মিত শারীরিক চর্চার ব্যবস্থা করতে হবে। এতে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং সুস্থ জাতি গঠনের পথ সুগম হবে।
নিজের খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা তুলে ধরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, একসময় দেশের হয়ে মাঠে খেলেছেন, এখন তাঁর দায়িত্ব খেলাধুলার অবকাঠামো উন্নয়ন এবং খেলোয়াড়দের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা। খেলোয়াড়েরা যেন নিজেদের জীবনের সেরা সময়টুকু দেশের জন্য উজাড় করে দিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করতে চায় সরকার।
তিনি আরও বলেন, খেলোয়াড়দের জীবনে যেসব সমস্যা ও সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করছেন তিনি। দায়িত্ব নেওয়ার পর খেলাধুলার উন্নয়ন এবং খেলোয়াড়দের সমস্যাগুলো সমাধানে কাজ করাকে অগ্রাধিকার দিচ্ছেন।
ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজিত এই নারী ক্রিকেট টুর্নামেন্ট দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নারী ক্রিকেটারদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আমিনুল হক। তাঁর মতে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে এমন আয়োজন বাড়লে নারীদের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ তৈরি হবে এবং দেশের ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে।
মন্তব্য করুন