সায়মন খান, লিড নিউজ ২৪
আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বুধবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি তুরস্কের উদ্দেশে রওনা হন।
দলীয় সূত্রে জানা গেছে, তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ অংশ নেবেন শফিকুর রহমান। সম্মেলনে তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় ও সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর) যৌথভাবে এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে। এতে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ার বিভিন্ন দিকের পাশাপাশি বাংলাদেশ ও তুরস্কের পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সম্মেলনে বাংলাদেশ ও তুরস্ক ছাড়াও বিভিন্ন দেশের শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক, কূটনীতিক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে। বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির পাশাপাশি দুই দেশের সহযোগিতার সম্ভাব্য নতুন ক্ষেত্রও আলোচনায় উঠে আসতে পারে।
তুরস্কে নির্ধারিত কর্মসূচি শেষে শফিকুর রহমান সৌদি আরব যাবেন। সেখানে পবিত্র ওমরাহ পালন শেষে আগামী ১১ অক্টোবর সকালে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
ঢাকা ছাড়ার সময় বিমানবন্দরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইনসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন