সাধন সাহা জয়:ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার কলেজপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৩ লাখ ৮০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী সনিয়া আক্তারের অভিযোগ, গত ৬ অক্টোবর সন্ধ্যায় তিনি বোনের বাসায় বেড়াতে যান। এ সুযোগে অজ্ঞাত চোরেরা তার ভাড়া বাসার দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরে থাকা নগদ প্রায় ৩০ হাজার টাকা, প্রায় দেড় ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।
সনিয়া আক্তার জানান, বাসায় ফিরে তিনি দরজা খোলা অবস্থায় দেখতে পান। ঘরের ভেতরে প্রবেশ করে দেখেন আসবাবপত্র ও বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে খোঁজ নিয়ে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত হন তিনি।
চুরির ঘটনায় আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সন্দেহভাজনদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে।
এ ঘটনায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে নবীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সনিয়া আক্তার।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন