গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ মোয়াজ্জেম হোসেন (৩০)।
শনিবার (১ আগস্ট ২০২৬) দুপুরে কুমিল্লা জেলার তিতাস থানাধীন বাতাকান্দি বাজার এলাকা থেকে র্যাব-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল তাকে গ্রেফতার করে।
র্যাব সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর গত ৬ আগস্ট ২০২৪ তারিখে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দীরা দাঙ্গা-হাঙ্গামা শুরু করে এবং কারারক্ষীদের জিম্মি করে পালানোর চেষ্টা চালায়। একপর্যায়ে লকাআপের গেট ভেঙে ও দেয়াল টপকে বহু বন্দী পালিয়ে যায়। উক্ত ঘটনায় কারা কর্তৃপক্ষ বাদী হয়ে ১৯৯ জনের নাম উল্লেখ করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানায় একটি মামলা (মামলা নং-০৪, তারিখ-১৫/০৮/২০২৪) দায়ের করে।
গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-১১ জানতে পারে যে, উক্ত মামলার এজাহারনামীয় সাজাপ্রাপ্ত আসামি মোয়াজ্জেম হোসেন কুমিল্লা এলাকায় আত্মগোপনে রয়েছে। পরবর্তীতে বেলা দেড়টার দিকে অভিযান চালিয়ে তাকে বাতাকান্দি বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে সে ডিএমপি ঢাকার মতিঝিল থানার একটি হত্যা মামলার (মামলা নং-৯১(৩)০৫, ধারা-৩০২/৩৪ পেনাল কোড) মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করলে সে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগ করছিল। ৬ আগস্ট দুপুরে দাঙ্গা-হাঙ্গামার সুযোগে কারাগার থেকে পালিয়ে গিয়ে এতদিন আত্মগোপনে ছিল।
গ্রেফতারকৃত আসামি মোয়াজ্জেম হোসেন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ছোট কাজরা গ্রামের মোঃ তারা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন র্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানী অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।
মন্তব্য করুন