নিজস্ব প্রতিবেদক:ঝিনাইদহের বহুল আলোচিত আফিয়া আক্তার খুশি (২১) হত্যা মামলার প্রধান ও এজাহারভুক্ত পলাতক আসামি মো. সাঈদ মেহেদী (৩০)-কে সাতক্ষীরার দেবহাটা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬-এর সিপিসি-৩, যশোর এবং সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১০টা ২০ মিনিটে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পারুলিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সাঈদ মেহেদী দেবহাটা উপজেলার ঢেপুখালী পূর্বপাড়া গ্রামের মো. মোশলেম গাজীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে আফিয়া আক্তার খুশি ও সাঈদ মেহেদীর মধ্যে প্রেমের সম্পর্কের পর গোপনে বিয়ে হয়। এরপর তারা ঝিনাইদহ শহরে বসবাস শুরু করেন। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ লেগেই থাকত এবং অভিযুক্ত সাঈদ মেহেদী প্রায়ই খুশিকে শারীরিকভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে।
গত ১৩ মে ২০২৬ সকাল আনুমানিক ৭টার দিকে প্রতিবেশী নাইটগার্ড মো. বদর উদ্দিন মোল্যা খুশির বাসার দরজা খোলা দেখে ভেতরে প্রবেশ করেন। সেখানে তিনি খুশিকে ঘরের মেঝেতে বিছানার ওপর মৃত অবস্থায় দেখতে পান। পরে বাড়ির মালিক বেবী করিমকে বিষয়টি জানানো হলে তিনি ঝিনাইদহ সদর থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়।
ঘটনার পর নিহতের বাবা ঝিনাইদহ সদর থানায় মেয়ের স্বামী সাঈদ মেহেদীকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।র্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন