রংপুর ও রাজশাহী বিভাগের ৭৬ জন সাংবাদিক ও তাদের পরিবার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেয়েছেন। রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)র উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল বিকেলে অনুদানের চেক বিতরণ করা হয়।
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি শামসুজ্জামান সামু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের হাতে অনুদানের চেক তুলে দেন।
সামসুজ্জামান সামু বলেন, সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ অংশীদার। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এই কার্যক্রম চলমান থাকবে। সুস্থতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্যই আমরা এই কার্যক্রম চলমান রাখার আহ্বান জানিয়েছি।
অনুষ্ঠানে রংপুর বিভাগের আট জেলার ৬৪ জন সাংবাদিক এবং নওগাঁ ও জয়পুরহাট জেলার আরও ১২ জন সাংবাদিকের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুদানপ্রাপ্তদের মধ্যে রংপুর জেলার ২২ জন, দিনাজপুরের ১৮ জন, কুড়িগ্রামের ১২ জন, পঞ্চগড়ের ৭ জন, নীলফামারীর ৫ জন, নওগাঁর ১ জন এবং জয়পুরহাটের ১১ জন সাংবাদিক রয়েছেন।
সামসুজ্জামান সামু বলেন, সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান কার্যক্রম প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহ জোগাবে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আরপিইউজের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলাম, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম, আরপিইউজের সভাপতি সালেকুজ্জামান সালেক, সম্মিলিত সাংবাদিক সমাজের আহ্বায়ক লিয়াকত আলী বাদল, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজুল হক রিপন, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুর জেলা কমিটির সভাপতি মমিনুল ইসলাম রিপন, রংপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (টিসিএ) সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের (প্রস্তাবিত) সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন লিটন, নীলফামারী সাংবাদিক ইউনিয়নের (প্রস্তাবিত) সাধারণ সম্পাদক রিপন ইসলাম শেখ এবং পঞ্চগড়ের প্রবীণ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ।
মন্তব্য করুন