সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে র্যাব-৯। শুক্রবার (২৬ জুন) ভোরে উপজেলার কদমতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৯০৫ পিস শাড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ টাকা। এ ঘটনায় জড়িত অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—কসবা উপজেলার কায়েমপুর গ্রামের মো. জাহিদ হোসেন (২৬) এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চৌব্বাস গ্রামের মঈন সরকার (২৫)।
র্যাব-৯, সিপিসি-১,
ব্রাহ্মণবাড়িয়া সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৫টা ২০ মিনিটে কসবা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে নয়নপুর-কসবা সড়কে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় একটি নীল-হলুদ রঙের কাভারভ্যান থামানোর সংকেত দিলে র্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়ি থেকে নেমে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। তাৎক্ষণিক ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাভারভ্যান তল্লাশি করে ৪০টি পাটের বস্তার ভেতর থেকে ১ হাজার ৯০৫ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। শাড়ি পাচারের দায়ে কাভারভ্যানটিও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে, তারা পরস্পর যোগসাজশে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে শাড়িগুলো বাংলাদেশে এনে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
র্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে জব্দকৃত আলামতসহ তাদের কসবা থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে র্যাবের গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
মন্তব্য করুন