সাধন সাহা জয়ঃ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ঢাকা থেকে সিলেটগামী ‘পারাবত এক্সপ্রেস’ ট্রেনের ছাদে ভ্রমণ করতে গিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে মো. আরিফুল ইসলাম (২৬) নামে এক ঠিকাদারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়ার ভৈরব পুরাতন রেলসেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের দাররা গ্রামের মো. আজিজুল ইসলাম কান্দু ও লাকী বেগমের একমাত্র ছেলে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে ঢাকার খিলক্ষেত এলাকায় বসবাস করতেন এবং ‘ইলেকট্রনিক প্লাস’ নামে একটি প্রতিষ্ঠানে ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত ছিলেন।
পরিবার ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, কাজের প্রয়োজনে মঙ্গলবার সকালে আরিফুল ইসলাম হবিগঞ্জের পিটিআই স্কুলে যাচ্ছিলেন। ট্রেনের টিকিট না পাওয়ায় তিনি ঝুঁকি নিয়ে পারাবত এক্সপ্রেসের ছাদে উঠে যাত্রা করেন।
পথিমধ্যে ভৈরবের পুরাতন রেলসেতুর নিচ দিয়ে যাওয়ার সময় ব্রিজের সঙ্গে তার মাথায় প্রচণ্ড আঘাত লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে পৌঁছালে আশপাশের লোকজন আরিফুলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনের ছাদে ভ্রমণের কারণেই এই প্রাণহানির ঘটনা ঘটেছে।
নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার পর এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মানবিক বিবেচনায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
একমাত্র ছেলেকে হারিয়ে আরিফুলের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন