মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আরও সহজ, নিরাপদ এবং সাশ্রয়ী মূল্যে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর সুযোগ তৈরি করতে ব্যাংক অব মালদ্বীপ (বিএমএল)-এর সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ হাইকমিশন।
সম্প্রতি মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম এবং ব্যাংক অব মালদ্বীপ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শরীফ-এর মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দ্রুত ও কম খরচে দেশে পাঠানোর বিভিন্ন প্রযুক্তিগত ও কাঠামোগত দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আজ মঙ্গলবার বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশেষ করে বৈঠকে মালদ্বীপের স্থানীয় মুদ্রা ‘রুফিয়া’ (এমভিআর) থেকে সরাসরি বাংলাদেশের ‘টাকা’-তে রেমিট্যান্স রূপান্তর ও স্থানান্তরের একটি সহজ উইন্ডো চালুর বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।
বৈঠকে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বলেন, ‘মালদ্বীপের অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশিরা অত্যন্ত নিষ্ঠার সাথে অবদান রাখছেন। প্রবাসীদের এই কষ্টার্জিত অর্থ যাতে হুন্ডি বা অবৈধ চ্যানেলের ঝুঁকিতে না পড়ে, সেজন্য একটি স্বচ্ছ ও সাশ্রয়ী ব্যাংকিং নেটওয়ার্ক তৈরি করা জরুরি। সরাসরি রেমিট্যান্স সুবিধা চালু হলে প্রবাসীদের অর্থ সাশ্রয় হবে এবং দেশের অর্থনীতিতেও বৈধ রিজার্ভের প্রবাহ বাড়বে।’
বৈঠকে দুই দেশের মধ্যে ব্যাংকিং সহযোগিতা বৃদ্ধি ও বাণিজ্যিক ঋণসুবিধা চালুর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়, যা ভবিষ্যতে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সহায়ক হবে।
বৈঠকে ব্যাংক অব মালদ্বীপের সিইও মোহাম্মদ শরীফ বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করে বলেন, প্রবাসীদের রেমিট্যান্স সেবা সহজতর করতে এবং বৈধ আর্থিক লেনদেন বাড়াতে ব্যাংক অব মালদ্বীপ সব সময় ইতিবাচক। এই প্রক্রিয়াকে বেগবান করতে প্রযুক্তিগত ও নীতিগত বিকল্পগুলো নিয়ে আলোচনা অব্যাহত থাকবে।
হাইকমিশনার বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের জন্য আরও উন্নত আর্থিক সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে তিনি মালদ্বীপ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য করুন