সাভারঃ
আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্পকে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা থেকে গবেষণার জন্য সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) নেয়া হয়েছে। অ্যালবিনো জাতের আলোচিত মহিষটিকে বর্তমানে কোয়ারান্টাইনে রাখা হয়েছে।
প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) কর্মকর্তারা জানান, রোববার (২১ জুন) প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় চিড়িয়াখানা থেকে আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে আনুষ্ঠানিকভাবে বিএলআরআইয়ের কাছে হস্তান্তর করা হয়। ইতোমধ্যে বিএলআরআই কর্তৃপক্ষ মহিষটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ, গবেষণার লক্ষে মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেবকে প্রধান করে ১৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছেন।
মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেব বলেন, ‘মহিষটি কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যেহেতু মহিষটি চিড়াখানায় ছিলো তাই আগামী ১৪ থেকে ২১ দিন পর্যন্ত কোয়ারান্টাইনে রাখা হবে। মহিষটি রোগমুক্ত কিনা সেটি নিশ্চিত হওয়া এবং রোগমুক্ত রাখার বিষয়টিকে এই সময়ে সর্বাধিক গুরুত্ব দেয়া হবে। এরপর মহিষটিকে কীভাবে গবেষণায় ব্যবহার করা যায় সেটি নিয়ে ভাবা হবে।’
প্রসঙ্গত, গত কোরবানির ঈদের আগে মহিষটি নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় জিয়া উদ্দিন মৃধার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ লালন-পালন করা হচ্ছিল। মহিষটির ‘অসাধারণ চুল’ দেখে জিয়া উদ্দিনের ভাই নাম রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে।
পরে মহিষটি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন-ভিডিও প্রকাশিত হয়।
জিয়া উদ্দিন মৃধা মহিষটি বিক্রি করেছিলেন কেরানীগঞ্জের জিনজিরার মনিরুজ্জামানের কাছে। কোরবানির ঈদ সামনে রেখে ২৫ মে সোমবার বিকালে নারায়ণগঞ্জের খামার থেকে মহিষটিকে কেরানীগঞ্জে নিজের বাড়িতে আনেন মনিরুজ্জামান।
ঈদের আগের দিন (বুধবার) বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে মহিষটিকে মনিরুজ্জামানের বাড়ি থেকে নিয়ে আসে পুলিশ। শুরুতে কেরানীগঞ্জ থানায় নেয়া হয়। পরে মহিষটির ঠাঁই হয়েছিলো মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়।
মন্তব্য করুন