সাধন সাহা জয়ঃ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. ইউসুফ নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) এই দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত শিশু ইউসুফ নবীনগর পূর্ব ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণপাড়ার হেদায়েতুল্লাহর একমাত্র ছেলে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, শিশু ইউসুফ নবীনগর কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের দানু ব্যাপারীর বাড়িতে নানা হামিদ মিয়ার বাসায় বেড়াতে এসেছিল। বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে সে।
রাস্তায় দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইউসুফসহ মোট চারজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে শিশু ইউসুফের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের আত্মীয়-স্বজন এবং বগডহর গ্রাম থেকে শত শত মানুষ নবীনগর সরকারি হাসপাতালের সামনে ভিড় জমান। হাসপাতাল চত্বরে বর্তমানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং নিহতের পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন