সাভারঃ সাভারে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম।
গ্রেপ্তারকৃত মোছা. বিউটি আক্তার (২২) ঢাকা জেলার সাভার মডেল থানাধীন বক্তারপুর বেদেপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত সিরাজ মিয়ার মেয়ে এবং শাহিনের স্ত্রী।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেদেপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।অভিযানকালে ওই এলাকা থেকে বিউটি আক্তারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি ও হেফাজতে থাকা মালামাল যাচাই করে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ৩০ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।
মন্তব্য করুন