সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে দুটি বিনিয়োগ করায়, ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডকে বিনিয়োগকৃত অর্থ সংশ্লিষ্ট ফান্ডে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে উল্লেখযোগ্য অঙ্কের জরিমানা আরোপের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে গত ৫ মে অনুষ্ঠিত বিএসইসি’র ১,০১২তম কমিশন সভায় এ সব সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জানানো হয়, ২০১৩ সালে ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ‘ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড’ থেকে বেঙ্গল পলি অ্যান্ড পেপার স্যাক লিমিটেডের ৬ লাখ সাধারণ শেয়ারে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে মোট ১ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করে।
এ প্রেক্ষিতে ফান্ডের বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় ৩০ দিনের মধ্যে ৫ কোটি ৭৪ লাখ টাকা সংশ্লিষ্ট ফান্ডে জমা বা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ে তা করতে ব্যর্থ হলে, ৬ কোটি ৭৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া ২০১৭ সালে একই ফান্ড থেকে এএফসি হেলথ লিমিটেডের ৪৮ লাখ সাধারণ শেয়ারে ৬ কোটি টাকা বিনিয়োগের ক্ষেত্রেও আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।
এ ক্ষেত্রে ৩০ দিনের মধ্যে ১৪ কোটি ৮৫ লাখ টাকা ফান্ডে ফেরত দিতে বলা হয়েছে। অন্যথায় ১৬ কোটি টাকা জরিমানা আরোপ করা হবে।
নির্ধারিত ৩০ দিনের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরবর্তী ৭ দিনের মধ্যে আরোপিত জরিমানা নিজস্ব দায় হিসেবে পরিশোধ করতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধে ব্যর্থ হলে, প্রতিদিন ১০ হাজার টাকা করে অতিরিক্ত জরিমানা আরোপ করা হবে।
এদিকে, সংশ্লিষ্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-কে ১৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, সংশ্লিষ্ট বিনিয়োগের ওপর ৯৯ শতাংশ প্রভিশন সংক্রান্ত বিষয়টি নিরীক্ষা প্রতিবেদনে যথাযথভাবে উপস্থাপন না করায়, মালেক সিদ্দিকী ওয়ালি অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
মন্তব্য করুন