জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা।
আজ সোমবার বিকেলে শহরের এটিম মাঠ থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিলে স্লোগানে স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেতাকর্মীরা।
নেতাকর্মীরা জানান, নতুন এই কমিটি ছাত্রদলের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে জেলার তৃণমূলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।
নওগাঁ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রুবেল হোসে বলেন, জেলা কমিটির নেতারা অত্যন্ত দক্ষ ও বিচক্ষণ। আন্দোলন সংগ্রামে রাজপথে তাদের অনেক ত্যাগ ও ভূমিকা রয়েছে। আনন্দ মিছিলের মাধ্যমে আমরা নতুন কমিটিকে স্বাগত জানিয়েছি।
জেলা ছাত্রদলের নতুন কমিটির আহ্বায়ক মো. মামুন বিন ইসলাম দোহা বলেন, ছাত্রদল গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথের দক্ষ একটি সংগঠন। এ সংগঠন সবসময় শিক্ষার্থীদের অধিকার আদায় ও কল্যাণে কাজ করে আসছে।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
উল্লেখ্য, গত শনিবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকরে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নওগাঁ জেলা ছাত্রদলের ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
মন্তব্য করুন