এইচ এম মাহমুদ হাসান: রাজধানীর তুরাগে পুলিশের বিশেষ অভিযানে নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. মাসুদুর রহমান শিপনকে (৫০) গ্রেফতার করা হয়েছে। তিনি নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান।
বুধবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে তুরাগ থানাধীন দিয়াবাড়ী বৌবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে তুরাগ থানা পুলিশ।
তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমানের দিকনির্দেশনায় এসআই মাহমুদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, সিডিএমএস (ক্রাইম ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম) পর্যালোচনা করে শিপনের বিরুদ্ধে নোয়াখালীর চাটখিল থানা, ডিএমপির উত্তরা পশ্চিম থানা ও ডেমরা থানায় দায়ের করা মোট তিনটি মামলার তথ্য পাওয়া গেছে।
এর মধ্যে চাটখিল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। উত্তরা পশ্চিম থানায় দণ্ডবিধির ১৪৩/১৪৭/১৪৮/৩০৭/৩২৬/১০৯/১১৪ ধারায় একটি মামলা এবং ডেমরা থানায় দণ্ডবিধির ৩৬৪/২০১/৩৪ ধারায় আরও একটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত মাসুদুর রহমান শিপন নোয়াখালীর চাটখিল উপজেলার নাহারখিল গ্রামের আবদুল মতিন ও সূর্যা বেগমের ছেলে। তিনি বর্তমানে রাজধানীর মিরপুর-১ এলাকার শিয়ালবাড়ী মোড়ে বসবাস করতেন।
তুরাগ থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন