দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ শনিবার খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠেছে ২৮তম জাতীয় ক্রিকেট লিগের। সকাল ৯টায় বেলুন উড়িয়ে এই চার দিনের ক্রিকেট মহাযজ্ঞের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি পরিচালক ও খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন। উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন, জেলা প্রশাসক হুরে জান্নাতসহ বিসিবি ও ক্রীড়াঙ্গনের শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন।
ঘোষিত সূচি অনুযায়ী দেশের আটটি বিভাগীয় দল নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডেই স্বাগতিক খুলনা বিভাগের মুখোমুখি হয়েছে বরিশাল বিভাগ। পুরো টুর্নামেন্টে প্রতিটি দল মোট সাতটি করে ম্যাচ খেলবে এবং আগামী ১৭ নভেম্বর এই প্রতিযোগিতার পর্দা নামবে। খেলা শুরুর আগে শুক্রবার বিকেলে বিসিবি পরিচালক মো. শফিকুল আলম তুহিনের নেতৃত্বে টেকনিক্যাল টিম স্টেডিয়ামের শেষ মুহূর্তের প্রস্তুতি পরিদর্শন করে।
বিসিবি পরিচালক মো. শফিকুল আলম তুহিন বাসসকে জানান, এনসিএলের ম্যাচ আয়োজনের মাধ্যমে দীর্ঘদিন পর খুলনায় জাতীয় পর্যায়ের ক্রিকেট মাঠে গড়িয়েছে এবং খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, আগামী ডিসেম্বর থেকে শুরু হওয়া ডি-থ্রি টুর্নামেন্টের ম্যাচগুলোও এখানে আয়োজনের জোরালো সম্ভাবনা রয়েছে। এই টুর্নামেন্ট সফল করার পাশাপাশি ভবিষ্যতে বড় পরিসরের ঘরোয়া টি-টোয়েন্টি আসরের ভেন্যু হিসেবে খুলনার সক্ষমতা যাচাই করা হচ্ছে।
এনসিএলের এই ম্যাচ চালুর ফলে খুলনায় নিয়মিত জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্রিকেট ফেরানোর নতুন দুয়ার উন্মুক্ত হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় ক্রীড়ামোদী ও আয়োজকরা। স্টেডিয়ামে কিছু সংস্কার কাজ চলমান থাকলেও টুর্নামেন্টকে কেন্দ্র করে খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য ও নতুন উদ্দীপনা।
মন্তব্য করুন