টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তে পেশাগত দক্ষতা, সাহসিকতা ও জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা পেয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) এস এম মেহেদী হাসান। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ পদক তুলে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা সালাহউদ্দিন আহমদ।
২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালনের সময় সাহসিকতা ও বীরত্ব, সেবায় অনন্য অবদান, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনী কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে দেশের ৯২ জন পুলিশ সদস্যকে চারটি শ্রেণিতে পুলিশ পদক দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় এস এম মেহেদী হাসান পিপিএম-সেবা পদকে ভূষিত হন।
এর আগে গত সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।এস এম মেহেদী হাসান বর্তমানে জিএমপির টঙ্গী পশ্চিম থানায় উপপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জিএমপির বিভিন্ন থানা ও বিভাগে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তে তিনি ভূমিকা রাখেন।পুলিশের দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পিপিএম-সেবা পদক পাওয়ায় সহকর্মী ও স্থানীয়দের মধ্যে তাঁর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
মন্তব্য করুন