সায়মুন খান, লিড নিউজ ২৪:
বক্স অফিসে ফের হাসির সুনামি তুলতে বড় পর্দায় ফিরছে বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বহুল প্রতীক্ষিত ‘গোলমাল ৫’ ছবির মুক্তির তারিখ এবং এর তারকাবহুল কাস্টের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন জনপ্রিয় নির্মাতা রোহিত শেঠি। একটি নজরকাড়া ও দুর্দান্ত মোশন পোস্টার প্রকাশের মাধ্যমে দর্শকদের মাঝে উন্মাদনা ছড়িয়ে দিয়েছেন এই পরিচালক, যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে।
নির্মাতাদের ঘোষণা অনুযায়ী, আগামী ৮ জানুয়ারি, ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। নতুন বছরের শুরুতেই দর্শকদের ভরপুর বিনোদন ও হাসির খোরাক জোগাতে পুরোপুরি প্রস্তুত এই ফ্র্যাঞ্চাইজিটি। ‘গোলমাল ৫’ ছবির সবচেয়ে বড় চমক হিসেবে যুক্ত হয়েছেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। নিয়মিত তারকাদের পাশাপাশি অজয় দেবগন ও অক্ষয়ের এই অনবদ্য কমেডি রসায়ন দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা। এছাড়া, প্রায় দুই দশক পর এই ফ্র্যাঞ্চাইজিতে ফিরে আসছেন প্রথম ছবির পরিচিত মুখ ‘লক্ষ্মণ’ খ্যাত অভিনেতা শারমান জোশি।
বরাবরের মতো ছবির মূল আকর্ষণ হিসেবে থাকছেন অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, তুষার কাপুর, কুণাল খেমু এবং শ্রেয়স তালপাড়ে। এর সঙ্গে জনি লিভার, সঞ্জয় মিশ্র ও মুকেশ তিওয়ারির মতো অভিজ্ঞ কমেডিয়ানদের উপস্থিতি ছবিটির হাসির মাত্রা দ্বিগুণ করবে। পাশাপাশি, গুঞ্জন রয়েছে যে ছবিতে খলনায়িকার চরিত্রে অভিনয় করতে পারেন দক্ষিণী তারকা প্রিয়ামণি। মোশন পোস্টারটি শেয়ার করে রোহিত শেঠি জানিয়েছেন, হাসি, মজা এবং পারিবারিক বিনোদনের এক অনন্য প্যাকেজ নিয়ে বড় পর্দায় ফিরছে তাদের এই পুরো গ্যাংটি, যা দর্শকদের দীর্ঘদিনের প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে।
মন্তব্য করুন