সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় মশা নিধনের সুনির্দিষ্ট কোনো কার্যকর উদ্যোগ না থাকায় চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ পৌরবাসী। মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে প্রশ্ন তুলেছেন, পৌরসভায় মশা নিধনের জন্য কোনো বাজেট আছে কি না? যদি বাজেট থেকেই থাকে, তবে সাধারণ মানুষকে কেন মশার কামড় খেতে হবে—এমন প্রশ্ন এখন ঘরে ঘরে।
পৌরবাসীর অভিযোগ, বর্ষা মৌসুমে মশার উপদ্রব মারাত্মক আকার ধারণ করলেও পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে নিয়মিত ফগার মেশিন বা মশা মারার ওষুধ ছিটানোর দৃশ্য চোখে পড়ে না।
অনেকেরই প্রশ্ন, এই বাজেট কি কেবল নির্দিষ্ট কিছু ভিআইপি এলাকার জন্য বরাদ্দ? যদি তাই হয়, তবে সাধারণ নাগরিকদের ওপর পৌর ট্যাক্স বা করের বোঝা চাপানো হচ্ছে কেন?
ক্ষুব্ধ পৌরবাসীরা বলছেন, পৌর এলাকার নাগরিক হিসেবে আমরা নিয়মিত ট্যাক্স পরিশোধ করছি। কিন্তু বিনিময়ে যদি ন্যূনতম নাগরিক সুবিধাই না পাই, তবে কেন আমাদের কাছ থেকে পৌর কর আদায় করা হবে?
যদি পৌরসভার সব সুবিধা কেবল বিশেষ শ্রেণির জন্য সংরক্ষিত থাকে, তবে সাধারণ জনগণের কাছ থেকে ট্যাক্স নেওয়া বন্ধ করার দাবি জানান তারা।
মশার উপদ্রব থেকে রক্ষা পেতে এবং ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে অবিলম্বে পুরো পৌর এলাকায় কার্যকরভাবে মশা নিধন কার্যক্রম পরিচালনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
পৌরবাসীর এই ন্যায্য দাবি ও ক্ষোভের বিষয়টি সংশ্লিষ্ট কতৃপক্ষের সুনির্দিষ্ট নজরদারি ও দ্রুত হস্তক্ষেপ কামনা করছে।
মন্তব্য করুন