পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পর্যটনের অপার সম্ভাবনাময় ক্ষেত্র পার্বত্য অঞ্চলে বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতসহ তাদের অবাধ ভ্রমণের সব বাধা দূর করে পর্যটকদের আকৃষ্ট করতে সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করছে।
রোববার রাতে রাঙ্গামাটির বার্গী লেকভ্যালী রিসোর্টে ‘রিসোর্ট ওনার্স এসোসিয়েশন রাঙ্গামাটি’ আয়োজিত পার্বত্য চট্টগ্রামে পর্যটন খাতের উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে বিদেশি পর্যটকদের আগমন বাড়লে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে বেকারত্ব দূর হবে এবং মানুষের আর্থিক স্বচ্ছলতা আসবে। বিদেশি পর্যটকদের ভ্রমণে প্রশাসনিক প্রতিবন্ধকতা নিরসনে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে।
পাহাড়ের নিরাপত্তা নিয়ে অপপ্রচার প্রসঙ্গে তিনি বলেন, পাহাড়ের নিরাপত্তা নিয়ে জনমনে কিছু শঙ্কা ও অপপ্রচার ছড়ানো হয়, যার কারণে বিদেশি পর্যটকরা ভ্রমণে দ্বিধাবোধ করেন। আমাদের সকলকে মিলে এই ‘জুজু ভয়’ দেখানোর সংস্কৃতি বন্ধ করতে হবে। তবেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবে।
এ ক্ষেত্রে মন্ত্রী গণমাধ্যমকে নেতিবাচক ধারণা দূর করে ইতিবাচক প্রচারে এগিয়ে আসার আহ্বান জানান।
রিসোর্ট ওনার্স এসোসিয়েশন রাঙ্গামাটির সভাপতি তনয় দেওয়ানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ললিত চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক সুমেত চাকমা, জেলা বিএনপি নেতা সুভাষ চাকমা, সদস্য বাপ্পী তঞ্চঙ্গ্যাসহ স্থানীয় নেতারা।
মন্তব্য করুন