জেলার নাচোল উপজেলায় আজ সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেলের আরোহী দুইব্যক্তি নিহত হয়েছেন।
আজ রোববার ভোর ৬টার দিকে উপজেলার নাচোল-আড্ডা সড়কের বেনীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলার নাচোল উপজেলার আজিপুর গ্রামের আব্দুস সালামের ছেলে সোহাগ হোসেন (১৭) এবং শিবগঞ্জ উপজেলার বালুটুঙ্গী গ্রামের মো. মোজাম্মেল হোসেনের ছেলে রবিউল আওয়াল জিসান (২৭)। নিহত দু’জন সম্পর্কে শ্যালক-দুলাভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরবেলা মোটর সাইকেল যোগে সোহাগ হোসেন ও রবিউল আওয়াল জিসান নামের দুইব্যক্তি আজিপুরের ভোলামোড় এলাকা থেকে ধানসুরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নাচোল-আড্ডা সড়কের বেনীপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোটর সাইকেলের আরোহী দুইব্যক্তিকে মৃত ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চিত করে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত দু’জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন