জেলার মৃতপ্রায় মগড়া নদীকে অবৈধ দখলমুক্ত এবং পুনরুজ্জীবিত করার লক্ষ্যে আজ জেলা শহরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‘নেত্রকোণা জেলার অন্তর্গত মগড়া নদী পুনরুজ্জীবিতকরণ প্রকল্প’র আওতায় অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
সভায় জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান মগড়া নদীটির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে এবং পরিবেশ রক্ষায় এই প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল দপ্তর ও স্থানীয় জনসাধারণের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, নদীর হারানো জৌলুস ফিরিয়ে আনতে উচ্ছেদ পরবর্তী খনন কাজ ও সৌন্দর্য বর্ধন কার্যক্রম দ্রুত শুরু করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকারের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, স্থানীয় সরকারের উপপরিচালক ও নেত্রকোণা পৌর প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো.সাখাওয়াত হোসেন ও বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, নেত্রকোণা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শাহ মোয়াজ্জেম হোসেন, নেত্রকোণা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, পরিবেশবিদ অহিদুর রহমান, প্রকৃতি বাঁচাও আন্দোলনের সভাপতি কবি তানভীর জাহান চৌধুরী, সাংবাদিক নাজমুশ শাহাদাত, নেত্রকোণা জেলা শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক আলপনা বেগম ও এ্যাডভোকেট মাসুদ রানা চৌধুরী।
এসময় জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন