ঈদুল ফিতর উপলক্ষে এবার প্রেক্ষাগৃহে পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে দর্শকদের সবচেয়ে বেশি নজর কাড়ছে আফরান নিশো চঞ্চল চৌধুরী ও পূজা চেরি অভিনীত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত অ্যাকশন ও ড্রামা ঘরানার সিনেমা ‘দম’।
ঈদের প্রথম দিন থেকেই সিনেমাটি ঘিরে দর্শক চাহিদা তুঙ্গে। স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শপিং মলে সিনেমাটি দেখতে উপচে পড়া ভিড় দেখা গেছে। গতকাল সিনেমাটির ২৭টি শো চললেও দর্শক চাহিদার কারণে আজ তা বেড়ে ২৯টিতে দাঁড়িয়েছে। জানা গেছে দম এখন স্টার সিনেপ্লেক্সে সর্বোচ্চ শো নিয়ে চলছে
সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল জানিয়েছেন গতকাল সবগুলো শো হাউসফুল ছিল এবং আজকের শোগুলোরও বেশির ভাগ টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। ক্রমেই দম ঘিরে দর্শকদের আগ্রহ বাড়ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও সিনেমাটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সিনেমাটি দেখে বের হতে থাকা দর্শকদের কাছে সাংবাদিকেরা তাদের অভিমত জানতে চাইলে কেউ অভিনয়শিল্পীদের অভিনয়ের দারুণ প্রশংসা করেছেন আবার কেউ মুগ্ধ হয়েছেন ভিজ্যুয়ালের কাজ দেখে।
সিনেমার কোন সংলাপটি সবচেয়ে ভালো লেগেছে জানতে চাইলে এক দর্শক বলেন আমি শাহজাহান ইসলাম নূর বাংলাদেশি মুসলমান মনে রাইখো। দম কি সত্যিই দম ধরে রাখতে পারল এমন প্রশ্নের উত্তরে আরেক দর্শক জোর দিয়ে জানান অবশ্যই। অপর এক দর্শকের ভাষ্যমতে সিনেমাটি তার খুব ভালো লেগেছে এবং নিশো বছরে একটি সিনেমা করলেও সারা বছরে তেমন সিনেমা আর কেউ দিতে পারে না। অনেক দিন পর একটি ভালো বাংলাদেশি সিনেমা দেখার তৃপ্তি নিয়ে হল ছেড়েছেন দর্শকরা।
মন্তব্য করুন