প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার মো. আব্দুস সালামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৬ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এই আদেশ দেন।
এর আগে, মামলাটির তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর উপ-পরিদর্শক মো. বুলবুল আহমেদ আসামিকে আদালতে হাজির করেন। এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আসামিপক্ষের আইনজীবীরাও জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত আসামির জামিন নামঞ্জুর করে রিমান্ড শুনানির জন্য আগামী ২৪ মার্চ তারিখ নির্ধারণ করেন।
ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম রাসেল এ তথ্য নিশ্চিত করেন।
আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয় স্বীকার করেন। প্রাথমিক তদন্তে আসামি মামলার ঘটনায় জড়িত থাকার তথ্য প্রমাণ মিলেছে। গ্রেপ্তার আসামিকে অজ্ঞাতনামা আসামিদের নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করলে সে অসংলগ্ন এলোমেলো কথাবার্তা বলে। মামলার ঘটনার মূল রহস্য উদঘাটন, অজ্ঞাতনামা পলাতক আসামিদের নাম, ঠিকানা, অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ ও আসামির ব্যবহৃত মোবাইল ফোন, কল ডিটেইলস, মেসেজ ও ডিজিটাল যোগাযোগের তথ্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার জন্য পাঁচ দিনের রিমান্ড একান্ত প্রয়োজন।
গত ১৫ মার্চ সকাল ৭টায় রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, আসামি মো. আব্দুস সালাম দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর পিএস পরিচয় ব্যবহার করে আসছিলেন। এই ভুয়া পরিচয়ের আড়ালে তিনি অবৈধ আর্থিক লেনদেন, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে নিয়োগ বাণিজ্যসহ নানাবিধ প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য সরকারের বিভিন্ন পর্যায়ে পৌঁছালে তদন্ত শুরু হয়। ওই ঘটনায় তার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করা হয়।
মন্তব্য করুন