পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক সের্হিয়ো রোমেরো। অবসরের পর তিনি কোচিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন বলে জানা গেছে। প্রতিবেদন আর্জেন্টাইন গণমাধ্যম মুন্দো আলবেসেলেস্তের।
সাংবাদিক ফেদে ক্রিস্তোফানেলির প্রতিবেদনে বলা হয়েছে, রোমেরো এরই মধ্যে তার কোচিং স্টাফ নির্ধারণ করেছেন এবং শিগগিরই কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করবেন। সম্প্রতি তিনি রেসিং ক্লাবে গোলরক্ষক ফাকুনদো ক্যামবেসেসের ব্যাকআপ হিসেবে খেলতে আগ্রহ দেখিয়েছিলেন, তবে দলে তাকে নেয়া হয়নি। তার শেষ ম্যাচ ছিল কোপা আর্জেন্টিনা’তে আর্জেন্টিনা জুনিয়রসের হয়ে ম্যাচ।
রোমেরো আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা গোলরক্ষক। তিনি জাতীয় দলের হয়ে মোট ৯৬টি ম্যাচ খেলেছেন। ২০১৪ সালে বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এছাড়া তিনি ২০০৭ সালে আর্জেন্টিনার হয়ে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জয় করেন এবং ২০০৮ সালে অলিম্পিকে স্বর্ণপদক জয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন।
রোমেরো প্রায় ২০ বছর আগে বুয়েনোস আইরেস প্রদেশের রেসিং ক্লাবে তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন। পরে তিনি নেদারল্যান্ডসের ‘এজেড আলকমার’-এ যোগ দিয়ে ২০০৯ সালে ডাচ লিগ শিরোপা জেতেন। এরপর তিনি ইতালির সাম্পাদোরিয়াতে খেলেন এবং ২০১৩-১৪ মৌসুমে স্বল্প সময়ের জন্য মোনাকোতে ধারে খেলেন।
পরবর্তীতে তিনি ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন এবং ২০১৭ সালে উয়েফা ইউরোপা লিগ জেতেন। ক্লাব ক্যারিয়ারে তিনি মোট ৩৭১টি ম্যাচ খেলেছেন।
২০০৮ সালের বেইজিং অলিম্পিকে স্বর্ণজয়ী এই গোলরক্ষককে প্রথম জাতীয় দলে ডাক দেন আর্জেন্টিনার কিংবদন্তি কোচ দিয়েগো মারাদোনা। তিনি ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলেন।
২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে দুর্দান্ত পারফরম্যান্স দেখান রোমেরো। গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে আর্জেন্টিনা ৪-২ ব্যবধানে জয় পায়। তবে লিওনেল মেসির নেতৃত্বে ফাইনালে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে ১-০ গোলে জার্মানির কাছে হেরে যায়।
২০১৮ বিশ্বকাপের জন্য কোচ হোর্হে সাম্পাওলি তাকে দলে রাখলেও হাঁটুর চোটের কারণে শেষ পর্যন্ত তিনি দল থেকে সরে দাঁড়ান। ইউরোপে শেষ সময় কাটানোর পর ২০২২ সালে তিনি দেশে ফিরে আসেন। এরপর বোকা জুনিয়স এবং পরে আর্জেন্টিনা জুনিয়রসের হয়ে খেলেন। এখন অবসর নিয়ে কোচিংয়ের নতুন পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন এই অভিজ্ঞ গোলরক্ষক।