(নীলফামারী) প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নীলফামারীর ডিমলায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ চত্বর, সাব-রেজিস্ট্রার অফিস, সেটেলমেন্ট অফিস চত্বরসহ উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান। পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা প্রকৌশলী মো. মফিজুর রহমান, ডিমলা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আবু তালেব এবং সংশ্লিষ্ট ইউপি সদস্য সামছুল ইসলাম, মিজানুর রহমান জাম্বু ও মাসুদুর রহমান মাসুদসহ অন্যরা।
ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার বংশবিস্তার নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ জন্য বাড়িঘর, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণের পাশাপাশি ময়লা-আবর্জনা নিয়মিত পরিষ্কার রাখা জরুরি। ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও অন্যান্য স্থানে পানি জমতে না দেওয়ার বিষয়েও সচেতন থাকতে হবে।
পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে উপজেলা প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।
মন্তব্য করুন