বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দেশীয় ও আন্তর্জাতিক এয়ারলাইনসের জন্য জেট এ-১ (জেট ফুয়েল)-এর দাম সমন্বয় করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশীয় এয়ারলাইনসের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৮২ টাকা ৭১ পয়সা এবং আন্তর্জাতিক এয়ারলাইনসের জন্য ১ দশমিক ১৮৮২ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
গত ৭ অক্টোবর মধ্যরাত থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। এ বিষয়ে বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক বাজারে জেট ফুয়েলের প্ল্যাটস দর বিবেচনায় অক্টোবর মাসের দাম নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ৩৪(৪) ও ৩৪(৬) ধারার আওতায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের (পিওসিএল) দেওয়া প্রস্তাবের ভিত্তিতে আজ গণশুনানি অনুষ্ঠিত হয়।
বিইআরসি জানায়, জেট ফুয়েলের প্ল্যাটস দর, বিপিসির ঋণপত্র (এলসি) নিষ্পত্তিতে প্রযোজ্য মার্কিন ডলারের বিনিময় হার এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যয় বিবেচনা করে অক্টোবর মাসের দাম সমন্বয় করা হয়েছে।
জেট ফুয়েলের মাসিক দাম পর্যালোচনা ও সমন্বয়ের জন্য বিইআরসি গঠিত কমিটি অক্টোবর মাসের জন্য একটি প্রতিবেদন জমা দেয়। এতে আন্তর্জাতিক বাজারদর, মার্কিন ডলারের বিনিময় হার এবং পরিবহন ব্যয়ের পরিবর্তনসহ সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনা করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ৯ আগস্ট সর্বশেষ জেট ফুয়েলের দাম সমন্বয় করা হয়। সে সময় দেশীয় ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম ছিল প্রতি লিটার ১৫৯ টাকা ৫২ পয়সা। আর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য দাম ছিল (শুল্ক ও মূসকসহ) ১ দশমিক ০৩৫৮ মার্কিন ডলার।
মন্তব্য করুন