গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে একটি ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ উঠেছে ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আব্দুল খালেকের বিরুদ্ধে।
এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল আলিম খান।
অভিযোগে বলা হয়েছে, ২০২৫ সালের ২২ আগস্ট রাতে যুবদলের রাজনৈতিক প্রভাব দেখিয়ে তালা ভেঙে ‘যুবরাজ এন্টারপ্রাইজ’ নামের ওই ব্যবসা প্রতিষ্ঠানটি দখলে নেওয়া হয়। পরে সেখানে যুবদলের ব্যানার টানিয়ে রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগী।
আব্দুল আলিম খানের অভিযোগ, ব্যক্তিগত সমস্যার কারণে দীর্ঘদিন ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালনা করতে না পারার সুযোগ নেয় স্থানীয় যুবদল নেতা আব্দুল খালেক।
তার দাবি, কয়েকজন সন্ত্রাসীকে সঙ্গে নিয়ে রাতের আঁধারে প্রতিষ্ঠানের তালা ভেঙে দখল নেওয়া হয়।
ভুক্তভোগী বলেন, গত ৪ সেপ্টেম্বর তিনি বিষয়টির প্রতিবাদ করলে তাকে অকথ্য ভাষায় গালাগাল, হেনস্তা ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। পরে এর প্রতিকার চেয়ে ১৪ সেপ্টেম্বর টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী আব্দুল আলিম বলেন, তার ব্যবসা প্রতিষ্ঠানটি দ্রুত দখলমুক্ত করতে প্রশাসনের সহযোগিতা চান তিনি।
নামপ্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ‘যুবরাজ এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। হঠাৎ করেই সেখানে যুবদলের ব্যানার টানিয়ে রাজনৈতিক কার্যালয় করা হয়েছে।
এবিষয়ে ৪৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. লেয়াকত মিয়া বলেন, তিনি দীর্ঘদিন ধরে ওই স্থানে একটি ব্যবসা প্রতিষ্ঠান দেখে আসছেন। সেখানে আগে কোনো রাজনৈতিক কার্যালয় ছিল না বলেও জানান তিনি। তবে বর্তমানে কারা যুবদলের নাম ব্যবহার করে প্রতিষ্ঠানটি দখল করেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।
অভিযুক্ত যুবদল নেতা আব্দুল খালেকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন এবং পরবর্তীতে দেখা করে বিস্তারিত কথা বলবেন বলে জানান।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকসুদুল আলম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন