পাঁচ বা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশের মিশন নিয়ে কাল মাঠে নামছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। প্রথম দুই ওয়ানডে জিতে ইতোমধ্যে তিন ম্যাচ সিরিজ জয় নিশ্চিত করেছে প্রোটিয়ারা।
আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে জিতলেই অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লজ্জা দেবে দক্ষিণ আফ্রিকা।
পচেফস্ট্রুমে সিরিজের তৃতীয় ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে।
ডারবানে সিরিজের প্রথম ম্যাচে ম্যাথু ব্রিটস্কির সেঞ্চুরি ও স্পিনার কেশব মহারাজের বোলিং নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে ৬৭ রানে হারায় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে ২৯৭ রান করে। ব্রিটস্কি ১০৬ বলে ১১২ রান করেন।
জবাবে ২৩০ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে মহারাজ ২০ রানে ৪ উইকেট নেন।
জোহানেসবার্গে দ্বিতীয় ম্যাচ ৩২ রানে জিতে সিরিজ জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে অধিনায়ক তেম্বা বাভুমার ১০৩ ও ডেভিড মিলারের ১৪২ রানের সুবাদে ৯ উইকেটে ৩৬৫ রানের পাহাড় দাঁড় করায় প্রোটিয়ারা। জবাবে ১ বল বাকী থাকতে ৩৩৩ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। দক্ষিণ আফ্রিকার লিজাড উইলিয়ামস ৩টি, মার্কো জানসেন-মহারাজ ও বিয়র্ন ফরচুন ২টি করে উইকেট নেন।
প্রথম দুই ম্যাচ জিতে অস্ট্রেলিয়াকে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশের সুযোগ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এর আগে ২০১৬ সালে পাঁচ ম্যাচের এবং ২০২০ সালে তিন ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করেছিল প্রোটিয়ারা।
অস্ট্রেলিয়াকে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করার সুযোগ হাতছাড়া করতে চান না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা। তিনি বলেন, ‘হোয়াইটওয়াশের সুযোগ সবসময় আসে না। তাই এবার আসা সুযোগটি কাজে লাগাতে চাই। অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে আমরা মাঠে নামবো।’
তৃতীয় ম্যাচে ব্যাট-বল হাতে সেরা পারফরমেন্স করে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে চায় অস্ট্রেলিয়া। দলের ব্যাটার কুপার কনোলি বলেন, ‘প্রথম দুই ম্যাচের ব্যর্থতা ঝেড়ে ফেলে আমরা ঘুরে দাঁড়াতে চাই। তৃতীয় ও শেষ ম্যাচে সেরা পারফরমেন্স দিয়ে হোয়াইটওয়াশ এড়িয়ে ওয়ানডে সিরিজ শেষ করতে চাই।’
এখন পর্যন্ত ১১৫ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা- অস্ট্রেলিয়া। এর মধ্যে অসিরা ৫২ ম্যাচে ও প্রোটিয়ারা ৫৯ ম্যাচ জিতেছে। ৩টি টাই ও ১টি পরিত্যক্ত হয়।
অস্ট্রেলিয়া দল : মিচেল মার্শ (অধিনায়ক), মিচেল স্টার্ক, জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, স্পেন্সার জনসন, ওলিভার পিক, ম্যাট রেনশ, বিলি স্ট্যানলেক, অ্যাডাম জাম্পা।
দক্ষিণ আফ্রিকা দল : তেম্বা বাভুমা (অধিনায়ক), অটনিল বার্টম্যান, কর্বিন বশ, ম্যাথু ব্রিটস্কি, জেরাল্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়র্ন ফোরটান, মার্কো জানসেন, কেশব মহারাজ, কেওয়ানা মাফাকা, আইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস।
মন্তব্য করুন