মোংলা (বাগেরহাট): বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে টানা ছয় দিন ভেসে থাকার পর উদ্ধার করা হয়েছে আট জেলেকে। বাংলাদেশ কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী দল অভিযান চালিয়ে দুর্ঘটনাকবলিত ফিশিং বোটসহ জীবিত অবস্থায় তাদের উদ্ধার করতে সক্ষম হয়।
আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড সদর দফপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে মাছ ধরতে গিয়ে সুন্দরবনের কোকিলমনি এলাকা থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন আকস্মিকভাবে বিকল হয়ে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে ফিশিং বোটটি দীর্ঘদিন সাগরে ভাসতে থাকে।
পরবর্তীতে ২৪ সেপ্টেম্বর বিকেলে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে এক জেলে বোটের মালিকের সাথে যোগাযোগ করে তাদের চরম বিপদের কথা জানান। সংবাদ পেয়ে বোট মালিক তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ড পশ্চিম জোনের শরণাপন্ন হন।
সহায়তার আবেদন পেয়েই কোস্ট গার্ড স্টেশন কোকিলমনি থেকে দ্রুত একটি উদ্ধারকারী দল গভীর সমুদ্রে অভিযান পরিচালনা করে। সফল অভিযানের মাধ্যমে তারা বিকল হয়ে যাওয়া ট্রলারসহ আটজন জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে তীরে ফিরিয়ে আনে।
উদ্ধারকৃত জেলেদের তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা এবং পর্যাপ্ত খাবার সরবরাহ করা হয়েছে। বর্তমানে উদ্ধার হওয়া বোট ও জেলেদের তাদের নিজ নিজ মালিকপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
মন্তব্য করুন