জেলা শহরের শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসে থাকা আরও ৭ জন।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জন হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের ফারুক মন্ডলের ছেলে ও মাইক্রোবাসচালক ফেরদৌস মন্ডল (২৫) এবং একই উপজেলার বারইল গ্রামের হাসের আলীর ছেলে জুবায়েদুল ইসলাম (৩০)।
শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী বাসস’কে এসব তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশ ফেরত এক ব্যক্তিকে নিয়ে তাঁর ৭ জন স্বজন জয়পুরহাটের আক্কেলপুরে ফিরছিলেন। আজ ভোর ৪টার দিকে মাইক্রোবাসটি নয়মাইল বাসস্ট্যান্ড
এলাকায় পৌঁছালে সেটি ভুল করে মহাসড়কের বিপরীত লেনে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ভুট্টাবাহী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে মাইক্রোবাসচালক ফেরদৌস মন্ডল ও যাত্রী জুবায়েদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। আহত ৭ জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আইয়ুব আলী বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন