(নিজস্ব প্রতিবেদক):
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্যসচিব নাজমুল হোসেন মণ্ডলের উদ্যোগে চেরাগ আলী এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি চেরাগ আলী এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নাজমুল হোসেন মণ্ডল বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে যেকোনো ধরনের নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে তাদের অবস্থান অব্যাহত থাকবে। আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে যাতে টঙ্গীতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণ ও সাংগঠনিক কর্মসূচি পালনের আহ্বান জানান। একই সঙ্গে রাজনৈতিক কর্মসূচির নামে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করার ওপর গুরুত্বারোপ করেন।
বিক্ষোভ মিছিলে টঙ্গী পূর্ব থানা যুবদলসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। এ সময় টঙ্গী পূর্ব থানা কৃষকদলের সদস্য সচিব আবুল কালাম সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
মন্তব্য করুন