সাধন সাহা জয়:ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের আনন্দবাজারে ওজন পরিমাপক যন্ত্রে (ডিজিটাল পাল্লা) বিশেষ কৌশলে রশি বেঁধে ওজনে কারচুপি করার অপরাধে আপেল মাহমুদ নামের এক ইলিশ মাছ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম জেলা শহরের আনন্দ বাজারে এই অভিযান পরিচালনা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, আনন্দবাজারের মাছের পাইকারি ও খুচরা বাজারে অভিযান পরিচালনার সময় দেখা যায়, ইলিশ বিক্রেতা আপেল মাহমুদ তার নিকট রক্ষিত ওজন পরিমাপক যন্ত্রটিতে অভিনব কায়দায় কারচুপি করছেন।
ওজন পরিমাপক যন্ত্রের ভেতরের মেশিনের সঙ্গে একটি রাবার ও রশি সংযুক্ত করে তার অপরপ্রান্ত গামছার আড়ালে বিক্রেতার হাতের কাছে রাখা হতো।
পরবর্তীতে মাছ মাপার সময় বিক্রেতা ওই রশি টেনে বা ঢিলে করে ক্রেতাদের অজান্তেই প্রতি কেজিতে শত শত গ্রাম ইলিশ কম দিয়ে প্রতারণা করে আসছিলেন।
অভিযানে বিষয়টি হাতেনাতে ধরা পড়ার পর মাছ বিক্রেতা আপেল মাহমুদ তার অপরাধ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযুক্ত ব্যবসায়ী ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর করবেন না বলে মুচলেকা দেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মন্তব্য করুন