সাধন সাহা জয়ঃ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শারীরিক প্রতিবন্ধকতা জয় করতে ২৫ জন অসহায় মানুষকে হুইল চেয়ার উপহার দেওয়া হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং কসবা-আখাউড়া উপজেলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মো. আতাউর রহমান সরকারের পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
রবিবার (৫ জুলাই) দুপুরে কসবা মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই হুইল চেয়ারগুলো বিতরণ করা হয়।
কসবা-আখাউড়া উপজেলা উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ফরিদ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মো. আতাউর রহমান সরকার। নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ কাজী ইয়াকুর আলী, কাজী সিরাজুল ইসলাম, ইকবাল হোসেন ভূঁইয়া এবং বোরহান উদ্দিন খান।
প্রধান অতিথির বক্তব্যে মো. আতাউর রহমান সরকার বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এবং দেশব্যাপী বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিবন্ধকতা কখনো মানুষের অগ্রযাত্রার পথে প্রকৃত বাধা হতে পারে না। সমাজের বিত্তবানদের সহযোগিতা এবং নিজের প্রবল আত্মবিশ্বাস থাকলে জীবনের পথে এগিয়ে যাওয়া অবশ্যই সম্ভব।’
অনুষ্ঠানে হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের স্বজনরা আবেগাপ্লুত হয়ে পড়েন। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই ধারা ভবিষ্যতে আরও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন