ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে যোগদান করেছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।
আজ রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ১৩ (১) অনুযায়ী তাকে নিয়োগ দেওয়া হয়।
নিয়োগ লাভের পর আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি।
অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, সদ্য বিদায়ী উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালকসহ বিপুল সংখ্যক শিক্ষক ও কর্মকর্তা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে নবনিযুক্ত উপ-উপাচার্যকে স্বাগত জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। দল-মতের ঊর্ধ্বে উঠে এখানে অ্যাকাডেমিক পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক উৎকর্ষ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।
দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও সুনাম অক্ষুণ্ন রাখতে নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, বিগত প্রশাসনের কাজগুলোকে এগিয়ে নেওয়াই হবে আমার মূল লক্ষ্য। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। তাই বিশ্ববিদ্যালয়ের সম্মান ও মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবো। দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সবার কাছে দোয়া চান তিনি।
মন্তব্য করুন