নিউজ ডেক্স :
রাজধানীর মোহাম্মদপুরে চা-দোকানদার আমির হোসেন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-২। আজ ৫ মে ২০২৬ তারিখে রাজধানীর হাজারীবাগ ও ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
দীর্ঘ চার বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না চা-দোকানদার আমির হোসেন হত্যা মামলার দুই সাজাপ্রাপ্ত আসামীর। র্যাব-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে রাজধানীর হাজারীবাগ থানার বটতলা এলাকা থেকে ২৬ বছর বয়সী মোঃ ফালানকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ধানমন্ডি থানার জিগাতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ৩২ বছর বয়সী মোছাঃ স্বপ্নাকে।
র্যাব জানায়, ২০২২ সালের ২১ জানুয়ারি মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় নির্মমভাবে খুন হন চা-দোকানদার মোঃ আমির হোসেন। এই হত্যা মামলায় আদালত আসামীদের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করলেও তারা দীর্ঘদিন পলাতক ছিলেন। সিডিএমএস যাচাই ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়ার পর আজ তাদের আইনের আওতায় আনা হয়।
র্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস জানান, সাজাপ্রাপ্ত এই আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একইসাথে এই মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রাখবে র্যাব।
মন্তব্য করুন