কুমিল্লার বিভিন্ন এলাকায় র্যাব-১১ এর পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও মদসহ ৫ মাদক ব্যবসায়ী এবং হত্যা ও চুরি মামলার আরও ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
র্যাব-১১, সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার কুণ্ডু আজ সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, গত ৩ মে রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার চকবাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এ সময় মো. সাখাওয়াত হোসেন ভ্ূঁইয়া (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে এক হাজার ৯৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একই রাতে পৃথক আরেক অভিযানে কোতোয়ালি মডেল থানার ফৌজদারী ও কান্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে চুরি মামলার আসামি মো. শফিউল বাশার ওরফে সবুজ (২৯) এবং শফিকুল ইসলাম ওরফে শফিককে (২৭) গ্রেপ্তার করা হয়।
এদিকে, বুড়িচং থানার নিমসার বাজার এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি টিপুকে (৩২) গ্রেপ্তার করে র্যাব।
অন্যদিকে, রোববার গভীর রাতে সদর দক্ষিণ মডেল থানার উত্তর রামপুর এলাকায় পরিচালিত আরেকটি মাদকবিরোধী অভিযানে মো. সোহেল শেখ (৩৯), মো. হাসানুর রহমান শেখ (৩৭), মো. আফজাল হোসেন (৪৮) এবং মো. রাহুল শেখ (২১) নামে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা, ২ বোতল বিদেশি মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা, গাঁজা ও মদ সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিল।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন