লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলায় পরিকল্পিতভাবে হামলা চালিয়ে একটি বসতঘর ভাঙচুর ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিশ্বাসের-পাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন মো. রুহুল আমিন, ইয়ানুর বেগম (৫৫), মো. শামীম ও মো. সুমন।
আহত ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রুহুল আমিন মিয়ার ছেলেরা ঢাকা থেকে বাড়িতে আসেন। এ উপলক্ষে মঙ্গলবার আত্মীয়-স্বজনদের দাওয়াত দেওয়া হয়। দাওয়াত শেষে তার ছেলেরা ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সময় হঠাৎ পাশ্ববর্তী এলাকার নূরে-আলম, আবু, ইউনুস, ইব্রাহিম ও ফরহাদসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এ সময় হামলাকারীরা বসতঘর ভাঙচুর করে আলমারি ভেঙে নগদ টাকা লুটপাট করে এবং দাওয়াতে আসা অতিথিদের কান থেকে স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়। হামলায় কয়েকজন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান তারা।
এ বিষয়ে অভিযুক্ত মো. আবুকালাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, রুহুল আমিন গংরা আমার ভাইকে আটকে রেখেছে আমারা তাকে উদ্ধার করেছি। লুটপাটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন লুটপাট কিছুই হয়নি।
মন্তব্য করুন